আজই আসতে পারে নতুন পে-স্কেলের ঘোষণা

সরকারি চাকরিজীবীদের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে বহুল কাঙ্ক্ষিত নবম পে-স্কেল। সোমবার (১৭ আগস্ট) সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত নিয়মিত মন্ত্রিপরিষদ সভায় নবম বেতন কাঠামোর সুপারিশ ও খসড়া প্রস্তাবটি চূড়ান্ত আলোচনার জন্য উঠতে পারে।

জানা যায়, মন্ত্রিসভার অনুমোদন সাপেক্ষেই যেকোনো সময় আসবে এর আনুষ্ঠানিক ঘোষণা।

সচিবালয় ও অর্থ বিভাগ সূত্রে জানা যায়, সচিব কমিটি ইতিমধ্যে নবম পে-স্কেলের খসড়া প্রস্তাবনা পুরোপুরি চূড়ান্ত করেছে। নির্ধারিত রূপরেখা অনুযায়ী, চলতি বছরের জুলাই মাস থেকেই নতুন পে-স্কেলের আংশিক বাস্তবায়ন কার্যকর ধরা হয়েছে। আর সম্পূর্ণ প্রক্রিয়াটি ধাপে ধাপে সম্পন্ন হবে ২০২৮ সালের জানুয়ারি মাসের মধ্যে।

এর আগে গত ২৬ জুলাই অর্থ বিভাগ প্রধানমন্ত্রী তারেক রহমানকে নবম পে-স্কেল সম্পর্কে বিস্তারিত অবহিত করে এবং তার সম্মতি নেয়। আজ সোমবার বিকেলে বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ সভাকক্ষে অনুষ্ঠিতব্য বৈঠকে অর্থ বিভাগ এই খসড়াটি উপস্থাপন করবে।

এদিকে গত রবিবার সরকারের দায়িত্ব গ্রহণের ‘১৮০ দিন পূর্তি’ উপলক্ষে প্রধানমন্ত্রীর প্রেস উইং আয়োজিত মতবিনিময় সভায় প্রধানমন্ত্রীর কার্যালয়ের উপদেষ্টা ও মুখপাত্র মাহদী আমিন জানান, সরকারি কর্মচারীদের সুবিধার বিষয়টি মাথায় রেখে নতুন পে-স্কেলের কাজ চূড়ান্ত পর্যায়ে রয়েছে।

এর আগে গতকাল রোববারও প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার স্পষ্ট বার্তা দিয়ে জানান, পে-স্কেলটি বর্তমানে সরকারের সক্রিয় বিবেচনায় রয়েছে এবং প্রতিশ্রুতি অনুযায়ী এটি বাস্তবায়ন করা হবে।

প্রসঙ্গত, সরকারি কর্মচারীদের জন্য নতুন বেতনকাঠামো বাস্তবায়নের সুপারিশ দিতে গত ২১ এপ্রিল মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনিকে সভাপতি করে ১০ সদস্যের একটি উচ্চপর্যায়ের কমিটি গঠন করা হয়।

এর আগে, অষ্টম পে-স্কেলের প্রায় এক যুগ পর ২০২৫ সালের ২৭ জুলাই অন্তর্বর্তীকালীন সরকার ২৩ সদস্যবিশিষ্ট নবম জাতীয় বেতন কমিশন গঠন করেছিল।

সাবেক অর্থসচিব জাকির আহমেদ খানের নেতৃত্বে গঠিত ওই কমিশন বিদ্যমান ২০টি গ্রেড বহাল রেখেই বেতন-ভাতা ১০০ থেকে ১৪০ শতাংশ পর্যন্ত বাড়ানোর সুপারিশ করেছিল, যা বর্তমান সরকারের হাত ধরে বাস্তবায়নের চূড়ান্ত পর্যায়ে এসে পৌঁছাল।

Author: Barta Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *